শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজও ইংল্যান্ডের
চমৎকার বোলিংয়ে শ্রীলঙ্কার টপ অর্ডার গুঁড়িয়ে দিলেন স্যাম কারান। মিডল অর্ডারে বিপজ্জনক হয়ে ওঠা দুই ব্যাটসম্যানকে থামালেন ডেভিড উইলি। তাদের দারুণ বোলিংয়ে মাঝারি লক্ষ্য পাওয়া ইংল্যান্ড জিতল সহজেই। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এক ম্যাচ হাতে রেখে জিতে নিল ওয়ানডে সিরিজও।

লন্ডনের কেনিংটন ওভালে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে ওয়েন মর্গ্যানের দল। জেসন রয়, জো রুট ও মর্গ্যানের ফিফটিতে ২৪২ রানের লক্ষ্য স্বাগতিকরা পেরিয়ে যায় ৪২ বল বাকি থাকতে।
প্রথম ম্যাচ জিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে ছাড়িয়ে চূড়ায় উঠেছিল ইংল্যান্ড।

আরও ১০ পয়েন্ট পেয়ে তারা মজবুত করল শীর্ষস্থান। আরেকটি হারে তলানিতেই থেকে গেল শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের জয়ের মূল কারিগর স্যাম কারান ৪৮ রানে নেন ৫ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার পেলেন এই স্বাদ।
ওয়ানডেতে এই পেস বোলিং অলরাউন্ডারে আগের সেরা বোলিং ছিল ৩৫ রানে ৩ উইকেট। তার নতুন বলের সঙ্গী আরেক বাঁহাতি পেসার উইলির প্রাপ্তি ৪টি, ৬৪ রানে।
এই সংস্করণে বোলিং ইনিংস শুরু করে বাঁহাতি পেসারদের যৌথভাবে সর্বোচ্চ উইকেট এটি (৯)।
২০১৯ বিশ্বকাপে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ ৫টি ও মিচেল স্টার্ক নিয়েছিলেন ৪টি।
২১ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা আড়াইশর কাছাকাছি যেতে পারে মূলত ধনাঞ্জয়া ডি সিলভা ও দাসুন শানাকার ব্যাটে। ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি ধনাঞ্জয়া, শানাকা ৩ রানের জন্য পাননি ফিফটি। আর কেউ যেতে পারেনি ত্রিশ পর্যন্ত।
টস হেরে ব্যাটিংয়ে নামা দলটি উইকেট হারাতে পারত ইনিংসের তৃতীয় বলেই। পাথুম নিসানকাকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বাঁচেন তিনি বল ব্যাটে লাগায়।
No comments